ডা. তানজিয়া নাহার তিনা
ডায়াবেটিস আক্রান্ত রোগীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সেই সঙ্গে বেড়ে চলেছে ডায়াবেটিসের জটিলতাসমূহ। সাধারণত অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে তৈরি হচ্ছে বিভিন্ন জটিলতা। ডায়াবেটিক ফুট এগুলোর মধ্যে অন্যতম। দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত থাকার কারণে ধীরে ধীরে পায়ের মাঝারি ও ছোটো রক্তনালিগুলো সরু হয়ে যায়। ফলে রক্ত চলাচল ব্যাহত হয়।
এছাড়া অনিয়ন্ত্রিত শর্করার কারণে স্নায়ুসমূহ ক্ষতিগ্রস্ত হয়ে অনুভূতি শক্তি কমে যায় পায়ে। ফলে পা আঘাতপ্রাপ্ত হয় খুব সহজেই এবং পরবর্তীকালে সংক্রমণ, পচন এবং পা কেটে ফেলার ঝুঁকি তৈরি হয়। এছাড়া বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ও ফাংগাল ইনফেকশন আক্রান্ত হতে পারে পায়ের নখ ও আঙুলগুলো। এসব সমস্যা থেকে বেঁচে থাকতে নিয়মিত পায়ের যত্ন নেওয়া খুবই প্রয়োজন।
এছাড়া রক্তের শর্করা সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়মিত চিকিত্সকের পরামর্শমতো খাবার ও ওষুধ গ্রহণ করলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
পায়ের যত্নে নিয়মিত পা পরিষ্কার রাখা জরুরি। পা যেন বেশি ক্ষণ ভেজা না থাকে সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। নখ ও আঙুলের ফাঁকের জায়গা শুষ্ক ও পরিষ্কার রাখতে হবে। সমসময় আরামদায়ক নরম জুতা পরিধান করা ভালো। এছাড়া সামান্য কোনো আঘাত কিংবা ফোড়া অবহেলা করা উচিত নয়। এছাড়া ধূমপানের অভ্যাস থাকলে অবশ্যই পরিহার করা প্রয়োজন।
লেখক: চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
০
