অভিযুক্ত আটক
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের মঠবাড়িয়ায় অপহরণের পাঁচ দিন পর খলিল আকন নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে তালাবদ্ধ একটি ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আন্ধার মানিক বাটার পোল এলাকার মাছের ঘের সংলগ্ন একটি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের সঙ্গে জড়িত জসিম (২৫) নামের এক যুবককে আটক করা হয়। অপহূত ঐ ব্যক্তি পার্শ্ববর্তী পাথরঘাটা থানার হাড়িঘাটা গ্রামের ছত্তার আকনের ছেলে। তিনি গত সোমবার শহরের বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ হয়েছিলেন। পুলিশ জানায়, উপজেলার পাতাকাটা গ্রামের জসিম (২৫) নামের এক যুবক ঐ ব্যক্তিকে আটক রেখে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে অপহূত খলিলের পরিবার বিষয়টি পুলিশে জানালে শুক্রবার সকালে মুক্তিপণের টাকা নিতে এসে অপহরণকারী জসিম পুলিশের জালে আটক হন। পরে তার স্বীকারোক্তি মোতাবেক অপহূত খলিলকে একটি তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করা হয়। মঠবাড়িয়া থানার পুলিশের উপপরিদর্শক মো. শহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জসিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে অপহূত খলিলের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।
