ইত্তেফাক রিপোর্ট
নির্বাচন কমিশন তাদের স্বাধীন সাংবিধানিক ভূমিকাকে বিসর্জন দিয়ে সরকারি দলের অনুগত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ন্যূনতম বিশ্বাসযোগ্যতাও ধ্বংস করে গোটা নির্বাচনি-ব্যবস্থা ভেঙে দিয়েছে। এই নির্বাচন কমিশনের অধীনে জাতীয় বা স্থানীয় সরকারের কোনো নির্বাচনই অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হওয়ার সুযোগ নেই।
গতকাল শুক্রবার বিকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গত ৩০ ডিসেম্বর বিরোধী বাম জোটের কালো পতাকা মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে এ সমাবেশ আয়োজন করে সংগঠনটি।
সমাবেশে বক্তারা বলেন, সরকার যত গণবিরোধী ও গণবিচ্ছিন্ন হয়ে উঠছে, ততই তারা দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করছে। দমন করে শাসন করাকে নীতি হিসেবে গ্রহণ করেছে। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকার পুরোপুরি আমলা-প্রশাসননির্ভর হয়ে পড়েছে। মানুষের ভোটের অধিকার হরণ করে এখন চালু হয়েছে কর্তৃত্ববাদী শাসন। দেশ, দেশের জনগণ ও তাদের গণতান্ত্রিক ভবিষ্যত্ নিয়ে বিপজ্জনক রাজনৈতিক জুয়া খেলা হচ্ছে।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, আবু হাসান টিপু, মাহমুদ হোসেন এবং রাশিদা বেগম।
