মোংলায় কার্গো জাহাজডুবি ১৪ নাবিক উদ্ধার

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ২২:১৭

মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া এলাকায় নিউ পারভিন-২ নামক সার বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার ভোরে এ দুর্ঘটনার পর ঐ কার্গো জাহাজের ১৪ নাবিককে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা নিরাপদে উদ্ধার শেষে সুন্দরবনে কোস্টগার্ডের দুবলা ক্যাম্পে রাখা হয়েছে। এদিকে এ ঘটনায় বন্দরের চ্যানেল নিরাপদ রয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম জানান, ঘন কুয়াশায় দিক হারিয়ে কার্গো জাহাজটি দুর্ঘটনার শিকার হয়। তিনি কোস্টগার্ডের দুবলা ক্যাম্পের বরাত দিয়ে বলেন, শুক্রবার ভোরে বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন মেহের আলী চর এলাকায় ‘নিউ পারভিন-২’ নামে একটি কার্গো জাহাজ ডুবতে দেখে কোস্টগার্ডের টহলরত সদস্যরা সেখানে ছুটে যান। পরে ঐ জাহাজের ১৪ জন নাবিককে নিরাপদে সরিয়ে দুবলা ক্যাম্পে আনা হয়। উদ্ধারকৃত নাবিকরা হলেন—জামাল হোসেন, উজ্জল হোসেন, আরাফাত হোসেন, সালমান মোল্লা, শাহাদাত্ হোসেন, হারুন মোল্লা, জাহাঙ্গীর আলম, রবিন শেখ, মাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, আরিফ হোসেন, হাসান শেখ, মানিক শেখ ও ইমাম হোসেন। এদের বাড়ি নড়াইল, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, চট্টগ্রাম ও খুলনা জেলায়।