পিরোজপুরের উন্নয়নে সরকারের বিভিন্ন উচ্চপদে কর্মরত এ জেলার কর্মকর্তাদের সমন্বিতভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।
গতকাল শুক্রবার রাজধানীর বিদ্যুত্ ভবনের বিজয় হলে অনুষ্ঠিত পিরোজপুর অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রীতি সম্মেলন ও পরিচিতি সভা-২০২০-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে পিরোজপুরের উন্নয়নে একটি উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব গণপূর্ত মন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।
এ সময় গণপূর্ত মন্ত্রী বলেন, রাজনৈতিক ও প্রশাসনিকভাবে সমন্বিত উপায়ে যার যার অবস্থান থেকে জেলার উন্নয়নে কাজ করতে হবে। তিনি বলেন, পিরোজপুরে ৩০ কক্ষ বিশিষ্ট একটি আধুনিক রেস্ট হাউজ প্রয়োজন। একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দরকার। গৃহায়ন মন্ত্রণালয় এরই মধ্যে পিরোজপুরে আবাসন প্রকল্প গ্রহণ করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, পিরোজপুরসহ গোটা দক্ষিণাঞ্চলে বহু উন্নয়ন প্রকল্প চলমান। পিরোজপুরের উন্নয়ন কাজের জন্য এখন আর তদ্বির করতে হয় না। তিনি বলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে পিরোজপুরের এত কৃতী সন্তান কাজ করছেন, এটা অবশ্যই আমাদের জন্য গর্বের। তিনি পিরোজপুর অফিসার্স অ্যাসোসিয়েশনের মঙ্গল কামনা করেন।
অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে এবং অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও সরকারি বিজ্ঞান কলেজের প্রভাষক জাহিদুল ইসলামের (জাহিদ সোহেল) পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজী, অ্যানি রহমান এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, শিক্ষা সচিব মাহবুব হোসেন, পিএসসির সদস্য ফয়েজ আহমেদ, পরিকল্পনা কমিশনের সদস্য জাকির হোসেন আকন্দ ও আবুল কালাম আজাদ। এছাড়াও পিরোজপুরসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলার কর্মরত ও অবসরপ্রাপ্ত প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
