সাভারের আশুলিয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আমবাগান এলাকার নির্মাণাধীন একটি বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। তবে ধর্ষকের পরিচয় ও তাকে আটকের ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলতে পারেনি পুলিশ।
ধর্ষণের শিকার শিশুটির পারিবারিক সূত্র জানায়, শিশুটি কিশোরগঞ্জ এলাকায় তার দাদার বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। শিশুটির বাবা-মা আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। গত ২৮ ডিসেম্বর শিশুটি তার দাদির সঙ্গে আশুলিয়া এলাকায় বাবা-মায়ের কাছে বেড়াতে আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় সে বাড়ির পাশে দাঁড়িয়ে থাকাকালে এক বখাটে তাকে জুস খাইয়ে কৌশলে একটি নির্মাণাধীন বাড়ির নিচ তলায় নিয়ে যায়। পরে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় ঐ বখাটে। বাসায় ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবার বিষয়টি জানতে পারে। এ ঘটনায় রাতেই শিশুটিকে উদ্ধার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা কেন্দ্রে ভর্তি করা হয়। পরে সেখান থেকে গতকাল শুক্রবার সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে জানালেও ধর্ষকের পরিচয় সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলতে পারেননি।
