পাটুরিয়া-দৌলতদিয়া রুটে বৃষ্টিতে ফেরি চলাচল বিঘ্নিত

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০০:২৬

বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার পর্যন্ত কয়েক দফা বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি, লঞ্চ চলাচল ব্যাহত হয়েছে। উভয়ঘাটে গাড়ির দীর্ঘ লাইন। ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে অন্তত সাত কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়। ফেরিঘাটে যানজটের কারণে নদী পারাপারের জন্য কয়েক ঘণ্টা পর্যন্ত আটকে থাকতে হচ্ছে যাত্রীদের।

সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শুক্রবার এই রুটে যানবাহনের চাপ বেশি থাকে। সেই সঙ্গে বৃষ্টির কারণে যাত্রী দুর্ভোগ কয়েক গুণ বেড়েছে। পাটুরিয়া ঘাটে যানজট এড়াতে আরিচা থেকে উথলী পর্যন্ত সংযোগ রাস্তায় ফেরি পারের জন্য আসা ট্রাক অপেক্ষায় রাখা হয়। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতির উন্নতি হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃষ্টি ও ঘনকুয়াশা দীর্ঘায়িত না হলে যানজট দ্রুত লাঘব করা সম্ভব।