বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনদের গত প্রায় তিন সপ্তাহ যাবত্ দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল শুক্রবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, প্রায় ৩১ দিন পর গত ১৬ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছিল। এরই মধ্যে ১৯ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও দেশনেত্রীর নিকটাত্মীয়দের সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি। এ বিষয়ে কারা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেও কোনো ফল মেলেনি। তিনি বলেন, এটি এ সরকারের কর্তৃত্ববাদী শাসনের চরম বহিঃপ্রকাশ। এই সরকার আইন, আদালত ও বিচারাঙ্গনকে নিজেদের কব্জায় নিয়ে বেগম খালেদা জিয়ার ন্যায় বিচার পাবার অধিকার হরণ করেছে।
