ঢাকার দুই সিটি নির্বাচন

ডোর-টু-ডোর গণসংযোগ করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০০:৩৫

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিতে ডোর-টু-ডোর গণসংযোগ করতে নির্দেশ দিয়ে বলেছেন, নির্বাচনে জিততে হলে ভোটারদের ঘরে ঘরে যেতে হবে। শুধু বাইরে বাইরে আর অফিসে বসে গণসংযোগ করলে হবে না। সিটি নির্বাচনকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমরা নির্বাচনে জিততে চাই। সেভাবেই আমাদের চেষ্টা করতে হবে। প্রতিটি ভোটারের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠক সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দুই প্রবীণ নেতাকে সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন—দলের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ। আমির হোসেন আমু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের টিম লিডার আর তোফায়েল আহমেদ ঢাকা উত্তর সিটি করপোরেশনের টিম লিডার। আগামী ৩০ জানুয়ারি এই দুই সিটির নির্বাচন সামনে রেখে তাদের নেতৃত্বে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার জন্য দুটি টিম কাজ করবে। গতকালের বৈঠকে প্রধানমন্ত্রী এই দুই নেতাকে মৌখিকভাবে উল্লিখিত দায়িত্ব দিয়েছেন। আজ শনিবার গণভবনে যৌথ সভায় দুটি নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত করা হবে। জানা গেছে, ডিএনসিসি নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য সচিব থাকছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং ডিএসসিসির কমিটিতে সদস্য সচিব থাকছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

জানা গেছে, প্রধানমন্ত্রী সিটি নির্বাচন কীভাবে সুষ্ঠু করা যায় সে বিষয়েও কিছু নির্দেশনা দেন। এছাড়া মুজিববর্ষ উদ্যাপন নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মুজিববর্ষের কাজগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য দ্রুত বিভাগীয় সম্পাদকীয় উপকমিটি গঠন করা হবে।

সূত্র জানায়, ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী ও কাউন্সিলর পদে দল সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সংখ্যা এখনো চূড়ান্ত করা হয়নি। কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের যারা যারা কাজ করতে আগ্রহী, তাদের অন্তর্ভুক্ত করা হবে কমিটিতে। আজকের মধ্যে কমিটি চূড়ান্ত করা হবে। আজ গণভবনে অনুষ্ঠিত যৌথ সভায় তা উপস্থাপন করা হবে। কমিটিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। যৌথ সভায় দক্ষিণ সিটি নির্বাচনে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে টিম লিডার মনোনীত করা হয়েছে। এই কমিটিতে অন্তর্ভুক্ত আছেন দলের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ। বাকিদের নাম দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে যে কোনো সময় আওয়ামী লীগ সভানেত্রী ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনির্ধারিত বৈঠকে চূড়ান্ত করা হবে। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি নির্বাচনে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে টিম লিডার মনোনীত করা হয়েছে। এই টিমে আরো অন্তর্ভুক্ত আছেন দলের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।