ব্যাটিংটা জানেন, তারপরও মেহেদী হাসান মিরাজের মূল পরিচয় তিনি একজন বিশেষজ্ঞ অফস্পিনার। বঙ্গবন্ধু বিপিএলে নিজের স্পিনার পরিচয়টা যেন ভুলতে বসেছিলেন মিরাজ। বোলিং করলেও উইকেটের দেখা পাচ্ছিলেন না। টানা আট ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি। গতকাল টুর্নামেন্টে নবম ম্যাচে এসে প্রথম উইকেটের দেখা পেলেন খুলনা টাইগার্সের এই অফস্পিনার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ইনিংসের ১২তম ওভারে মিরাজকে আক্রমণে আনেন অধিনায়ক মুশফিকুর রহিম। সে ওভারেই জুনায়েদ সিদ্দিকীকে সাজঘরে ফেরান মিরাজ। সেই ওভারে ১০ রান দিয়ে একটি উইকেট শিকার করলেও অবশ্য এরপর আর তাকে আক্রমণে আনেননি অধিনায়ক। বোলিংয়ের নিষ্প্রভতা কাটাতে ব্যাটিংয়ে মনোযোগী হয়েছেন মিরাজ। ওপেনার হিসেবে কয়েক ম্যাচে ব্যাটিং করেছেন। যেখানে একটি হাফ সেঞ্চুরিও (৮৭ রান) করেছেন তিনি।
