ছয় দল নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ
স্পোর্টস রিপোর্টার
কক্সবাজারের মাঠে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের গত আসরের সেমিফাইনাল হতে বিদায় নিয়েছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন ফিলিস্তিন ফুটবল দল এবার গ্রুপ পর্বেই বাংলাদেশের প্রতিপক্ষ। ধরেই নেওয়া হচ্ছে শক্তিশালী গ্রুপে পড়েছে। আবার এটাও বলা যায় গ্রুপে শ্রীলঙ্কা থাকায় একটু সুবিধা হতে পারে বাংলাদেশের। এক ম্যাচ জিতলে সেমিফাইনালে এক পা এগিয়ে থাকবে। এমনটাই মনে করছেন জাতীয় দলের কোচিং স্টাফদের একজন।
গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের জমকালো ড্র অনুষ্ঠিত হয়। দুই গ্রুপে ছয় দল নিয়ে আগামী ১৫ জানুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল ২৫ জানুয়ারি।
টুর্নামেন্টের পঞ্চম আসরের চ্যাম্পিয়ন ফিলিস্তিন, সঙ্গী শ্রীলঙ্কা ও বাংলাদেশ একই গ্রুপে পড়েছে বলে একদিকে একটু স্বস্তি থাকলেও তা নিয়ে খুব বেশি খুশিতে নেই বাংলাদেশের কোচিং স্টাফ স্টুয়ার্ট। তার চোখে সব ম্যাচই কঠিন হতে পারে। কারণ কেউ হারার জন্য ঢাকায় আসবে না। বাংলাদেশ ঘরের মাঠে খেলবে দর্শক চাপ থাকতেই পারে। তাই বলে প্রতিপক্ষ নিশ্চুপ হয়ে বসে থাকবে না সেটা মনে করিয়ে দিলেন স্টুয়ার্ট।
ছয় দেশ নিয়ে টুর্নামেন্ট, হঠাত্ চাউর হয়ে গেল পাঁচ দেশ নিয়ে হতে পারে। ড্র অনুষ্ঠানের পর বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন, ‘পাঁচ দেশ নিয়ে হওয়ার কথা ছিল না। আমাদের হাতে আট দেশ ছিল। আমরা দুটো দেশ বাদ দিয়েছি। উজবেকিস্তান এবং কিরগিজস্তান খেলতে চেয়েছিল। কিন্তু তারা অনূর্ধ্ব-২৩ ফুটবল দল পাঠাতে চায়। আমরা গ্রহণ করিনি, আফ্রিকান তিন দেশ সিসেলস, মরিশাস এবং বরুন্ডিকে নিয়েছি।’
২০১৮ ফিফা বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ রাশিয়া নারী পারফরমার ওলগা এবং ইউক্রেনের লিলিয়ানা আধুনিক লাইট হাতে তুলে ধরেন ছয় দেশের নাম এবং পতাকা। দৃষ্টিনন্দন এমন উপস্থাপনা নিয়ে টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান কে স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ করিম বলেন, ‘লাইটের আলোর ধারায় যেটি উপস্থাপন করা হলো সেটি বাংলাদেশে এই প্রথম। পিক্সেল এলইডি নামের এই লাইট আগে কখনো উপস্থাপন করা হয়নি।’
সাবেক মিস ইন্ডিয়া রূপালী সুরির উপস্থাপনায় ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গঠিত জাতীয় কমিটির সদস্য সচিব ড. কামাল আব্দুর নাসের চৌধুরী, ফিফার কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ, বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী, ঢাকায় ফিলিস্তিন উপরাষ্ট্রদূত, বাফুফে, ক্লাব, বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সালাম মুর্শেদী বলেন, এই টুর্নামেন্ট পৃথিবী বিখ্যাত সাবেক ফুটবলার আনার চেষ্টা চলছে। আমাদের তালিকায় বিখ্যাত খেলোয়াড়দের মতো নাম আছে।’ টুর্নামেন্ট নিয়ে ড. কামাল আব্দুর নাসের চৌধুরী জানিয়েছেন ৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তান হতে মুক্ত বঙ্গবন্ধু লন্ডন হয়ে ১০ জানুয়ারি ঢাকায় প্রত্যাবর্তন করেন। পুরাতন বিমানবন্দরে অবতরণ করেন। ঐ দিন হতে জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনা শুরু হবে। প্রতীকী অর্থে বঙ্গবন্ধুর ফিরে আসার সেই দিনটির আবহ তৈরি করা হবে পুরাতন বিমানবন্দরে। একটি বিমান অবতরণ করবে। প্রধানমন্ত্রী সুইচ টিপে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ক্ষণ গণনা শুরুর পর এই টুর্নামেন্ট বাড়তি মাত্রা যোগ করবে বলে তিনি জানিয়েছেন। অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, ‘আমি জানি না কোন অন্তর্নিহিত কারণে জাতি বিভক্ত। আমি বিশ্বাস করি জাতি এক আদর্শে একিভূত হবে।’ বাফুফে সভাপতি সালাহউদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে এই টুর্নামেন্টটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সময় করার কথা বলেছেন। আগামী সেপ্টেম্বরে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।’ ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘১০০তম জন্মদিন উপলক্ষ্যে আমাদের মন্ত্রণালয় ১০০টি কর্মকাণ্ড হাতে নিয়েছে।’
গ্রুপ এ
ফিলিস্তিন, বাংলাদেশ, শ্রীলঙ্কা।
গ্রুপ বি
বরুন্ডি, মরিশাস, সিসেলস।
