স্পোর্টস রিপোর্টার
ভারতের মুম্বাই শহরে অনুষ্ঠানরত পঞ্চম আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার দাবায় পঞ্চম রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ৫ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ১২ জনের সঙ্গে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাড়ে তিন পয়েন্ট নিয়ে ১৭ জনের সঙ্গে মিলিতভাবে তৃতীয় স্থানে। জিয়ার পুত্র তাহসিন তাজওয়ার জিয়া এক পয়েন্ট পেয়েছেন।
শুক্রবার অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ভারতের সামেদ জয়কুমার শেঠিকে, গ্র্যান্ড মাস্টার জিয়া ভারতের মহিলা আন্তর্জাতিক মাস্টার ভানতিকা আগারওয়ালকে হারান। তাহসিন ভারতের মহিলা ফিদে মাস্টার বিশ্বওয়া বাসনাওয়ার সঙ্গে ড্র করেন। একই সঙ্গে অনুষ্ঠানরত মুম্বাই জুনিয়র অনূর্ধ্ব-১৩ ফিদে রেটিং দাবার ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ৬ খেলায় মারযুক চৌধুরী ৪ পয়েন্ট ও আজহার হোসেন আড়াই পয়েন্ট পেয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় মারযুক ভারতের দিওসাথওয়ার ওজাতকে ও আজহার ভারতের শাহ অর্ণব পারিনকে হারান।
