এই উইকেটে ব্যাটিং করা কঠিন

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২১:০০

রাইলি রুশো

 স্পোর্টস রিপোর্টার

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বরাবরই রান প্রসবা। ব্যাপক সংস্কার কাজের পরও সিলেটে রানের ফোয়ার অব্যাহত আছে। চলমান বঙ্গবন্ধু বিপিএলেও যার প্রমাণ রয়েছে। কিন্তু গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্সের ম্যাচে দেখা গেল সিলেটের উইকেটে বুকে টেনে নিয়েছে বোলারদের। ব্যাটসম্যানদের জন্য রান তোলা কঠিন হয়ে গেল ২২ গজে। যে সুবিধাকে কাজে লাগিয়ে খুলনার ব্যাটসম্যানদের জীবন বিষিয়ে তোলেন চট্টগ্রামের পেসাররা।

গতকাল মেহেদী হাসান রানা, রুবেল হোসেনদের বোলিং তোপে খুলনা আটকে যায় ১২১ রানে। মামুলি টার্গেটটা ১১ বল আগেই পাড়ি দিয়েছে চট্টগ্রাম। ৬ উইকেটে ম্যাচ জিতে ইমরুল কায়েসের দল। ৯ ম্যাচে চতুর্থ হার বরণ করা খুলনার সামনে প্লে-অফ নিশ্চিত করাই মূল কাজ। বাকি তিন ম্যাচে অন্তত দুটি জয় পেতে মুখিয়ে থাকবে খুলনা। শেষ তিন ম্যাচে ঢাকা ও কুমিল্লার বিরুদ্ধে খেলবে তারা।

টানা দুই ম্যাচ হারা খুলনার দ্রুতই জয়ের ধারায় ফেরা দরকার। দলের ব্যাটসম্যান রাইলি রুশো আশা করছেন, একটা জয়ই দলটাকে আবার ছন্দে ফেরাবে। গতকাল ম্যাচ শেষে এই প্রোটিয়া ক্রিকেটার বলেছেন, ‘আমি ইতিবাচকভাবেই দেখছি। টুর্নামেন্ট এখন চূড়ান্ত পর্যায়ের দিকে চলে আসছে। কয়েকটা জয় আমাদেরকে ছন্দ এনে দিতে পারে, যাতে প্লে-অফ খেলতে পারি। যদি আমরা সেখানে যেতে পারি।’

খুলনার হয়ে সর্বোচ্চ ৪০ বলে ৪৮ রান করেছিলেন রুশো। মুশফিকের সঙ্গে চতুর্থ উইকেটে ৪৯ রানের জুটি গড়েন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উইকেট সম্পর্কে রুশো বলেছেন, ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না উইকেট।

তিনি বলেন, ‘এই উইকেটে ব্যাটিং করা কঠিন। কঠিন উইকেট ছিল। শুরুতে ভীতিকর ছিল। একটা বল উঠছিল এবং একটা বল নিচু হচ্ছিল। তাদের বোলাররা ভালো বোলিং করেছে। এবং উইকেটের সুবিধা নিয়েছে। আমাদেরকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। আমি এবং মুশফিক ভাবছিলাম ১৪০-১৫০ রান হবে, যা এসব উইকেটের জন্য যথেষ্ট।’

ইনিংসের শুরুতে ১৪ রানে ৩ উইকেট হারিয়েছিল খুলনা। সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি দলটি। রুশো বলেছেন, ‘শুরুতে উইকেট হারালে এটা সব সময় কঠিন হয়ে পড়ে। আমার মনে হয় শেষ কয়েকটা ম্যাচে আমাদের ব্যাটিং আমাদের ডুবিয়েছে। এবং সেখানে আমিও যুক্ত। দলের প্রয়োজনে জ্বলে উঠতে হবে। আমরা ৮-৯ নম্বর ব্যাটসম্যানের কাছে রান আশা করি না।’

সিলেটের উইকেটের রান সখ্যতা অজানা নয় রুশোর। গতকালকের দিনটি ব্যতিক্রম হিসেবেই দেখছেন তিনি। একইভাবে স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে না পারায় নিজেদের ব্যর্থতার কথাও বলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।