নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা
নলছিটি পৌর এলাকার হতদরিদ্র পরিবারের একমাত্র ছেলে অগ্নিদগ্ধ মো. লিমন জোমাদ্দার অবশেষে মারা গেছে। শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ৩১ ডিসেম্বর রাত ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী ভয়াবহ অগ্নিকাণ্ডে উপজেলার কান্ডাপাশা এলাকার মাসুদ মিয়ার গ্যারেজসহ ২৫টি গাড়ি পুড়ে ছাই হয়। ঐ গ্যারেজের নাইটগার্ড লিমন জোমাদ্দার অগ্নিকাণ্ডের সময় ঘুমন্ত অবস্থায় ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গ্যারেজের দরজা তালাবদ্ধ থাকায় তাকে বের করতে দেরি হয়। দগ্ধ অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে দ্রুত ঢাকায় পাঠানো হয়।
