লোহাগড়ায় যৌননিপীড়নের শিকার স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২১:৫৭

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

যৌন নিপীড়নের শিকার লোহাগড়ার শতদল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী (১৩) শুক্রবার বিকালে মারা গেছে। গত ২৯ ডিসেম্বর ইতনা ইউনিয়নের উত্তর পাংখারচর গ্রামে ঐ ছাত্রী যৌননিপীড়নের শিকার হয়। এ ঘটনায় প্রধান আসামি সাব্বির শেখকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার অপর দুই আসামি নবীর শেখ ও সজিব শেখ পলাতক রয়েছে। ছাত্রীর পরিবার ও গ্রামবাসী জানায়, যৌননিপীড়ন সহ্য করতে না পেরে সে নিজ বাড়িতে ফিরে ঘরের ফ্যানের সঙ্গে নিজের গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার ছাত্রীর বাবা থানায় মামলা দয়ের করেছেন। থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।