কালিয়ায় সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় মামলা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২১:৫৮

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

খালের পানিতে মাছ ধরাকে কেন্দ্র করে বুধবার কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় দলনেতা সাইদ মোল্যা ও কাদের মোল্যাসহ ৫৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে নিহতের ভাই ইসলাম হোসেন গাজী বাদী হয়ে কালিয়া থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, উপজেলার চালিতাতলা গ্রামের কাক্কা মোল্যা ও ইদ্রিস গাজী গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত্ আধিপত্য বিস্তারের লড়াই চলছিল। ঘটনার দিন স্থানীয় চালিতাতলা ছত্রাখালি খালের পানিতে মাছ ধরাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে দলনেতা ইদ্রিস গাজী, তার ছেলে আসলাম গাজী ও রিফায়েত মোল্যাসহ পাঁচ জন আহত হন। আহতদের মধ্যে আসলাম গাজী মারা যান। মামলার কথা নিশ্চিত করে কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকরাম হোসেন বলেন, আসামিরা পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।