দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পাটের বাহারি পণ্য ক্রেতা-দর্শনার্থীদের মুগ্ধ করছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এখানে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের ‘জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)’ প্যাভিলিয়ন সাজিয়েছে আকর্ষণীয় নানা রকমের পাটজাত পণ্যে।
পাট পণ্যসামগ্রীর ঐতিহ্য গ্রাহকদের সামনে তুলে ধরার অংশ হিসেবে প্রতিবছরের মতো এবারও বাণিজ্য মেলায় হাজির হয়েছে প্রতিষ্ঠানটি। দেশের মোট সাতটি জুট এন্ট্রাপ্রেনিওর সার্ভিস সেন্টার ঢাকা জেইএসসি, নরসিংদী জেইএসসি, রংপুর জেইএসসি, যশোর জেইএসসি, চট্টগ্রাম জেইএসসি, টাঙ্গাইল জেইএসসি এবং জামালপুর জেইএসসি মেলায় অংশ নিয়েছে।
পাটের তৈরি শো-পিস, শপিং ব্যাগ, হ্যান্ড ব্যাগ, পার্স, পর্দা, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, শতরঞ্জি, পাপোশ, মেয়েদের গহনা, ডায়ারি, ফটোফ্রেম, জুতা-স্যান্ডেল থেকে শুরু করে দোলনা, শাড়িসহ বাহারি সব পণ্যের পসরায় সজ্জিত স্টলগুলো। এছাড়াও মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, আইপ্যাড এবং সকল প্রকার অফিস ব্যাগ, থ্রিপিস, পাঞ্জাবি, শার্ট, নকশিকাঁথা, বেডশিট, লেডিস এবং জেন্টস ফতুয়া, ম্যাক্সি বিক্রি হচ্ছে সাশ্রয়ী দামে। এসব পণ্য আরো আকর্ষণীয় করতে পাটের সঙ্গে কখনো ব্যবহার করা হয়েছে রং-বেরঙের পুঁতি বা কাচ। আবার কখনো পোড়া মাটির আঁচড় পণ্যের মধ্যে এনেছে বৈচিত্র্য। ১৫ টাকা থেকে শুরু করে পণ্যের দাম পৌঁছেছে ১৫ হাজার টাকা পর্যন্ত।
