অভিশংসন প্রক্রিয়ার মধ্যে ইরাকে বিমান হামলা করেন ক্লিনটনও

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২২:৪০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরাকে বিমান হামলা চালিয়ে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করেছে মার্কিন সেনাবাহিনী। এই নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বিজনেস ইনসাইডারের এক খবরে বলা হয়েছে, অভিশংসন প্রক্রিয়ার মধ্যে ইরাকে হামলার এই ধারণা সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কর্ম ইতিহাস থেকে ধার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প! সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লিনটনের নির্দেশে ইরাকে বিমান হামলার বিষয়ে নিউইয়র্ক টাইমস পত্রিকার সংবাদের একটি ক্লিপিং পোস্ট করেছেন অনেকেই। সেখানে বলা হয়েছে, দুই দশক আগে মনিকা লিউনস্কির সঙ্গে গোপন সম্পর্কের কারণে ইমপিচমেন্টের মুখোমুখি থাকা অবস্থায় ইরাকে বিমান হামলার নির্দেশ দেন ক্লিনটন। এর দুই দিন পর মার্কিন প্রতিনিধি পরিষদে ক্লিনটনকে ইমপিচ করা হয়। যদিও সিনেটে অব্যাহতি পান তিনি। অন্যদিকে মার্কিন প্রতিনিধি পরিষদে অভিশংসিত হওয়ার পর সিনেটে বিচার শুরুর আগে ইরাকে বিমান হামলার অনুমতি দিলেন ট্রাম্প। বিভাষন সিং নামে একজন টুইট করে বলেছেন, ইতিহাসের পুনরাবৃত্তি সব সময় হয় না। কিন্তু কখনো কখনো তার মিল খুঁজে পাওয়া যায়। আর একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, জানা গেল যে—কখনো ক্ষমতায় থাকা মার্কিন প্রেসিডেন্টকে ইমপিচ করো না। তাহলে একটি দেশকে বেছে নেওয়া হবে হামলার জন্য।