ফুলগাজীতে গলায় ছুরি ঠেকিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ!

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২২:৪০

ফেনীর ফুলগাজীতে বিদ্যালয়ে যাওয়ার পথে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার সোহাগ (২৬) নামে এক বখাটের বিরুদ্ধে। গতকাল শনিবার সকালে উপজেলার আনন্দপুর ইউনিয়নের পেঁচিবাড়িয়া গ্রামের সিলোনিয়া নদীর স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ছুরিটি উদ্ধার করেছে। বর্তমানে ঐ কিশোরীকে মুমূর্ষু অবস্থায় ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে কোচিং ক্লাস করতে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া উচ্চবিদ্যালয়ে যাচ্ছিল ঐ ছাত্রী (১৬)। এ সময় সিলোনিয়া নদীসংলগ্ন স্লুইসগেট নামক স্থানে পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা সোহাগ তার মুখ চেপে ধরে গলায় ছুরি ঠেকিয়ে পার্শ্ববর্তী নির্জন স্থানে টেনে-হিঁচড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায় তার চিত্কার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়। বিপদ বুঝে ধর্ষক সোহাগ পালিয়ে যায়। মেয়েটিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েটি ও তার পরিবার আতঙ্কে এ বিষয়ে কথা বলতে রাজি হচ্ছে না।

ফেনী সিভিল সার্জন ডা. নিয়াতুজজামান, ফুলগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কুতুব উদ্দিন ও আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে খোঁজ-খবর নেন। আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন মজুমদার জানান, একই ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত মনির আহম্মদের বখাটে ছেলে সোহাগ একজন মাদকাসক্ত। তার বিরুদ্ধে এর আগেও এমন একাধিক ঘটনার অভিযোগ রয়েছে। ওসি কুতুব উদ্দিন বলেন, সোহাগকে আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ফেনী সিভিল সার্জন ডা. নিয়াতুজজামান জানিয়েছেন, ঐ ছাত্রীকে ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে।