রাজধানীর খিলক্ষেতের কুড়িল ফ্লাইওভার থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে খিলক্ষেত থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে ছিল চেক ট্রাউজার, ফুলহাতা শার্ট ও নীল রঙের জাম্পার। গতকাল শনিবার দুপুর ১২টায় ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ধারণা করছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ গুম করতে চেয়েছিল।
খিলক্ষেত থানার ওসি বোরহান উদ্দিন বলেন, কুড়িল ফ্লাইওভারের দক্ষিণ পাশ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। ঐ স্থানে কোনো সিসি ক্যামেরা নেই। ফ্লাইওভারের সড়কবাতির অনেকগুলোই নষ্ট, যে স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছিল, সেটি ছিল অন্ধকার। তিনি বলেন, এ ঘটনার পরপরই সিআইডি ক্রাইম সিনসহ পুলিশের অন্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহত ব্যক্তির আঙুলের ছাপ নেওয়াসহ লাশের ছবি তোলা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তসহ হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে ওসি জানান।
