আশুলিয়ায় নারী শ্রমিকের লাশ উদ্ধার স্বামী পলাতক

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২৩:৫৮

সাভারের আশুলিয়ায় লাবনী আক্তার (২০) নামে এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার আশুলিয়ার সরকার মার্কেট সংলগ্ন হাজী মার্কেট এলাকার বিপ্লব কুমারের ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বামী মাসুদ পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহত শ্রমিকের ছোটো ভাই এমদাদ হোসেন বাদী হয়ে তার ভগ্নিপতি মাসুদের বিরুদ্ধে মামলা করেছেন।

নিহত লাবনী আক্তার মাদারীপুর জেলা সদরের হগলুপাতিয়া গ্রামের মৃত কবির হাওলাদারের মেয়ে। তিনি তার স্বামীর সঙ্গে আশুলিয়ার সরকার মার্কেটের ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করতেন।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সকালে ঐ এলাকার বিপ্লব কুমারের বাড়ি থেকে লাবনী নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী মাসুদ পলাতক রয়েছেন। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহত শ্রমিকের স্বামী মাসুদকে আটকের চেষ্টা চলছে।