২০১৯ সালে ৪ হাজার ৭০২টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ২২৭ জন নিহত এবং আহত হন ৬ হাজার ৯৫৩ জন বলে জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে কাজ করা সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘নিরাপদ সড়ক চাই’-এর এক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৯ সালে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে ৪৭০২টি। এতে আহত হন ৬৯৫৩ জন, নিহত হন ৪৩৫৬ জন। তবে হাসপাতালে ভর্তির রিলিজ হওয়ার পর আনুমানিক মৃত্যু হয়েছে ২০ শতাংশ অর্থাত্ ৮৭১ জনের। সব মিলিয়ে ২০১৯ সালে নিহতের সংখ্যা ৫২২৭ জন। এছাড়া রেলপথে ১৬২টি দুর্ঘটনায় নিহত হন ১৯৮ এবং আহত হন ৩৪৭ জন। অন্যদিকে নৌদুর্ঘটনার সংখ্যা ৩০টি, নিহত হন ৬৪ এবং আহত হন ১৫৭ জন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ২০১৯ সালে গত দুই বছরের তুলনায় দুর্ঘটনা অনেক বেড়েছে, যা ভয়াবহ আকার ধারণ করেছে। অশিক্ষিত ও অদক্ষ চালক, ক্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, জনগণের অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, রাস্তা নির্মাণের ক্রুটি, রাজনৈতিক সদিচ্ছার অভাব, আইন ও তার যথারীতি না প্রয়োগ ইত্যাদিই এসব দুর্ঘটনার জন্য মূল কারণ হিসেবে চিহ্নিত করা যায়।
নতুন সড়ক পরিবহন আইন কার্যকর না হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইলিয়াস কাঞ্চন বলেন, গত বছরের ১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনে জানানো হলেও তা সম্ভব হয়নি। নতুন সড়ক পরিবহন আইন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। নতুন পরিবহন আইন নিয়ে চালকদের মধ্যে ভুল ধারণা দিয়েছে মালিকরা।
