কনকনে শীতে ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে লায়ন্স ক্লাব অব ঢাকা ব্লুস ও সেবামূলক কৃষি খামার ইফাজ তাহিয়া এগ্রোফার্ম লিমিটেড। সংগঠনদ্বয়ের যৌথ উদ্যোগে উপজেলার রাজাপুরে বিভিন্ন গ্রামের দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার একই দিনে উপজেলার জালসা, কাওয়ালীপাড়া, বাস্তা এলাকায় শীতার্ত মানুষের মধ্যে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ধামরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন ডিইউডিএসএফ। ডিইউডিএসএফের প্রধান উপদেষ্টা ইফাজ তাহিয়া এগ্রোফার্ম লি.-এর ব্যবস্থাপনা পরিচালক খান অ্যাসোসিয়েটসের সিইও অ্যাডভোকেট এ আর খান রানা এবং লায়ন আ. বাছেদকে সঙ্গে নিয়ে ক্লাবের জেলা গভর্নর মোবারক হোসেন এমজেএফ এসব কম্বল বিতরণ করেন। ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম, রাজাপুর আদর্শ সমিতির সাধারণ সম্পাদক মিলন মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। লায়ন রানা বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের খামারের লভ্যাংশ থেকে এসব কম্বল বিতরণ করা হয়েছে।’
