সব দলের অংশগ্রহণে পরিচ্ছন্ন নির্বাচন হবে ঃ আতিক

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ০০:০৪

উত্সবমুখর পরিবেশে মেয়র ও কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, সব দলের অংশগ্রহণে পরিচ্ছন্ন নির্বাচন হবে। আমাদের বিশ্বাস সুন্দর একটি নির্বাচন হবে। শনিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে ‘নিজের বলার মতো একটি গল্প’ নামক ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও উদ্যোক্তা সম্মেলন-২০২০ অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আতিক বলেন, সিটি নির্বাচনে প্রতিপক্ষ যেই হোক না কেন, সবার সঙ্গে তিনি সুসম্পর্ক বজায় রাখবেন। নির্বাচনে তার প্রতিপক্ষ বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালকে উত্তরার নিজ বাসায় চা খাওয়ার দাওয়াত দেন।  আতিকুল ইসলাম বলেন, নির্বাচনে তিনি সব নাগরিকের ঘরে যাবেন। স্বপ্নের ঢাকা গড়তে সবার দোয়া ও সমর্থন চান তিনি। নির্বাচনের ইশতেহারে শহরের যানজট নিরসন ও সবুজায়ন কর্মসূচি গুরুত্ব পাবে বলে জানান তিনি। তরুণদের সকালবেলায় ঘুম থেকে ওঠার পরামর্শ দেন আতিকুল। তিনি বলেন, সকালেই সারা দিনের কাজের পরিকল্পনা করে নিতে হবে।