খালেদা জিয়াকে নির্দোষ ঘোষণা করেছে আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল ------------- মির্জা ফখরুল

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ০০:০৫

নাইকো দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কানাডার আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল নির্দোষ হিসেবে রায় দিয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই মামলার রায়ে বলা হয়েছে, নাইকো চুক্তিতে কোনো ধরনের কোনো রকম দুর্নীতি হয়নি এবং খালেদা জিয়াসহ অন্যায়ভাবে যাদের এ মামলার সঙ্গে যুক্ত করা হয়েছিল তারা সম্পূর্ণ নির্দোষ। নাইকো দুর্নীতি মামলার মূল মামলা যেটা আন্তর্জাতিক আদালতে হয়েছে তা গোপন করে সরকার এ মামলা করেছে। এ মামলায় আন্তর্জাতিক আদালতে অলরেডি রায় হয়েছে।

গতকাল শনিবার চেয়ারপারসনের উপদেষ্টা, জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম কবীর মুরাদের স্মরণে নাগরিক সভায় তিনি এ কথা জানান। জিয়া পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. এম সলিমুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামসুজ্জামান দুদু প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, আপনাদের আমি অনুরোধ করব এই বিষয়টা সবাই একটু জানার চেষ্টা করবেন। আমি ছোট্ট করে একটু বলতে চাই, এখানে বলা হয়েছে ট্রাইব্যুনালের রায়ের বিষয়টি যেন জনসম্মুখে প্রকাশ না করা হয়। এজন্য ইন্টারন্যাশনাল সেন্ট্রাল ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্টসকে চাপ দিয়েছে সরকার, যেন বেগম জিয়াকে নির্দোষ বলে রায় দেওয়া হয়েছে এটা প্রকাশ করা না হয়।

তিনি আরো বলেন, সরকার দীর্ঘ সময় ধরে বলে আসছে তারেক রহমান এ সকল দুর্নীতির সঙ্গে জড়িত। অথচ আজ পর্যন্ত তারা একটিরও প্রমাণ করতে পারেনি এবং একটি মামলার বিচারক তাকে নির্দোষ বলে রায় দেওয়ার কারণে ঐ বিচারককে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।

তিনি আরো বলেন, অনেকেই প্রশ্ন করছেন বিগত নির্বাচনে এই অবস্থার পরেও আপনারা নির্বাচনে গেছেন কেন ? আমরা বলেছি নির্বাচনকে আমরা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি।