ঢামেকে কয়েদির মৃত্যু

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ০০:০৮

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনোয়ার হোসেন (৪৭) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা ৪৭ মিনিটে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন  ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার মো. লাভলু।

তিনি বলেন, কয়েদি আনোয়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। আনোয়ার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিসরাইল গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে। পেশায় তিনি পরিবহন চালক ছিলেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. মাঈন উদ্দিন জানান, শুক্রবার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে অসুস্থ বোধ করলে উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) পাঠানো হয়। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে স্বর্ণালী আনোয়ার আখি বলেন, ১৯৯৫ সালে মিথ্যা হত্যা মামলায় তার বাবা আসামি হন। প্রায় ২০ বছর ধরে তিনি কারাবন্দি ছিলেন। গতকাল রাতে কারাগার থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।