জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সকল সরকারি কর্মচারীদের জনসাধারণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন।
রবিবার বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১১৬তম, ১১৭তম এবং ১১৮তম আইন ও প্রশাসন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, সরকারি কর্মচারীদের মূল দায়িত্ব জনগণের সেবা করা। তাই, সরকারি কর্মচারীদের জনসাধারণের চাহিদা ভালোভাবে বুঝতে হবে এবং সে অনুযায়ী সেবা প্রদান করতে হবে। তাদের সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ সময় দক্ষতা ও দ্রুততার সাথে সেবা প্রদান করে সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার জন্য সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
আরো পড়ুন : শেখ হাসিনার সাহস আছে, ঈমান আছে, দূরদৃষ্টি আছে: পরিকল্পনামন্ত্রী
তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য এ দেশের জনপ্রশাসনকে আন্তর্জাতিক মানে উন্নীত করা। এজন্য জনপ্রশাসনে কর্মরতদের আরো দক্ষ করে গড়ে তুলতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার মত সক্ষম করে গড়ে তুলতে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির ভূমিকার ভূয়শী প্রশংসা করেন। তিনি প্রশিক্ষণের সময় অর্জিত জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে জনসেবা নিশ্চিত করতে প্রশিক্ষনার্থীদের প্রতি আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আর এই লক্ষ্য পূরণে সরকারি কর্মচারীদের আরো আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর বদরুন নেছার সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। কোর্স পরিচালক খালেদ রহিম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
ইত্তেফাক/ইউবি
