বিনোদন রিপোর্ট
বাংলাদেশের স্বনামধন্য দুই নাট্যকারের নাটক ভারতের বিশ্ববিদ্যালয়ে পাঠ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি প্রয়াত সেলিম আল দীনের নাটক ‘কীর্ত্তনখোলা’, অপরটি সাধনা আহমেদের নাটক ‘অংশুপট উপাখ্যান’। ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের ‘কাজী নজরুল বিশ্ববিদ্যালয়’-এর বাংলা বিভাগের এমফিলের কোর্সে গতবছর পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে নাটক দুটি। সাধনা আহমেদ বলেন, ‘সেলিম আল দীনের নাটকটি আগে থেকেই জনপ্রিয়। তবে আমার নাটক অন্তর্ভুক্তির ক্ষেত্রে সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়নি।’ নাটকটি বই আকারে ২০১৮ সালের প্রকাশনা প্রতিষ্ঠান বেহুলা বাংলা প্রকাশ করেছিল। বইটিকে ‘অংশুপট উপাখ্যান’ ও ‘ব্রাত্য আমি মন্ত্রহীন’ নাটক দুটি স্থান পায়। একই বছর বাংলা প্রকাশ থেকে ‘গাঙকুমারী’ নাটকটিও বই আকারে প্রকাশিত হয়। পরে ‘অংশুপট উপাখ্যান’ নাটকটি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে নাটকটিকে পাঠ্য করা হয়েছে। সাধনা আহমেদ বাংলাদেশের এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল নাট্যকার। ইত্তেফাককে সাধনা জানান, বর্তমানে তার ৫টি নাটক মঞ্চে অভিনীত হচ্ছে। এছাড়াও চলচ্চিত্রের জন্য কাজ করছেন তিনি। গাঙকুমারী নামে নতুন চিত্রনাট্য লিখছেন তিনি।
