গৃহস্থালি পণ্যের চাহিদা বেশি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:২৬

মো. আবু হানিফ, শেকৃবি সংবাদদাতা

২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে গৃহস্থালি পণ্য। এর মধ্যে প্লাস্টিক পণ্যের পাশাপাশি রয়েছে প্রেসারকুকার, জুস মেকার, বেলেন্ডার, ওভেন, রাইসকুকার, ইস্ত্রি, ইন্ডাকশন চুলা, ফ্যানসহ নানা ধরনের গৃহস্থালি পণ্য।

গতকাল রবিবার মেলা ঘুরে দেখা যায়, গৃহস্থালি পণ্যের দোকানগুলোতে শুধু টুংটাং শব্দ। গৃহিণীরা ঐ পণ্যের মান যাচাই করছেন, মনেরমতো মূল্য হলে কিনে নিচ্ছেন। অপরিচিত নানা ব্র্যান্ডের পাশাপাশি আরএফএল, বেঙ্গল প্লাস্টিক, ওয়ালটন, সিঙ্গারসহ নামিদামি ব্র্যান্ডের পণ্য বিক্রি হচ্ছে মেলাতে। দাম তুলনামূলক কম হওয়ায় গৃহস্থালি জিনিসের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি।

আরএফএল, দিল্লি এলুমিনিয়াম, কিয়াম, বেঙ্গলসহ বিভিন্ন স্টলে ক্রেতাদের ভিড় দেখা গেছে। ইতিমধ্যে কিছু কিছু স্টলে ক্রেতাদের আকৃষ্ট করতে দেওয়া হয়েছে নানা অফার। মেলার ৩ নম্বর পিপি স্টলে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে সংসারের নানা প্রয়োজনীয় পণ্য। বিক্রেতাদের দাবি মেলায় যে সকল পণ্য ১৫০-২০০ টাকা। সে সকল পণ্য বাহির থেকে কিনতে ২৫০-৩০০ টাকা লাগবে। কোনো কোনো স্টল দিচ্ছে একটি কিনলে একটি ফ্রি অফার। মেলার ১৩ নম্বর প্যাভিলিয়নের ভিআইপি গিফট সেন্টার স্টলে ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে সংসারের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। এর মধ্যে রয়েছে তিনটি প্লেট, গ্লাস সেট, হটপট বক্স, নুডলস ছাঁকনি, ১২ পিস চামচ, ৬ পিস বাটি, গ্লাস স্ট্যান্ড, চামচ স্ট্যান্ড, টিস্যু হোল্ডার ইত্যাদি। ক্রেতা-দর্শনার্থীদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে আরএফএল। মেলায় প্রতিষ্ঠানটির ইতালিয়ানো ব্র্যান্ডের প্যাভিলিয়নে যে কোনো পণ্য কিনলেই থাকছে ১০ শতাংশ ছাড়। তবে এ ব্র্যান্ডের ডিনারসেট, প্লে­ট, বাটি এবং গ্লাস কিনলেই মিলছে ৩০ শতাংশ মূল্যছাড়। মেলামাইনের গৃহস্থালি পণ্য বিক্রি হচ্ছে ইরান-বাংলা মেলামাইন ইন্ডাস্ট্রিতে। এখানে ১০০ থেকে ৫৫০ টাকায় পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিজাইন ও রঙের প্লেট, বাটি ও ট্রে।

বিভিন্ন স্টলের বিক্রয়কর্মীরা জানান, ‘টুকটাক বেচা বিক্রি হচ্ছে। তবে গত বছরের তুলনায় এবার ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা কম।’