শিক্ষাপ্রতিষ্ঠানে কেন মনোচিকিত্সক নিয়োগ নয় —হাইকোর্ট

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:২৭

ইত্তেফাক রিপোর্ট

বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষজ্ঞ মনোচিকিত্সক বা পরামর্শক নিয়োগে কেন পদক্ষেপ নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন।

গত ২৪ নভেম্বর হাইকোর্টে এ রিট করেন আইনজীবী ফরহাদউদ্দিন আহমেদ ভূইয়া। রিটে বলা হয়, নানা সামাজিক বাস্তবতায় অনেক শিক্ষার্থীই মাদকাসক্ত হয়ে পড়ছে। আবার অনেকে হতাশায় ভুগে আত্মহননের পথ বেছে নিচ্ছে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পেশাদার মনোচিকিত্সক নিয়োগ দেওয়া প্রয়োজন। যাতে শিক্ষার্থীরা বিপথে না যেতে পারে।