আবারও সমতায় রিয়াল-বার্সা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৩৩

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ গতকাল গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল। দিনের পরের ম্যাচে কাতালান ডার্বিতে বার্সেলোনা জিতলেই এককভাবে শীর্ষে উঠে যেত। নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিয়লের সঙ্গে ২-২ গোলে ড্র করে নিরঙ্কুশভাবে শীর্ষে ওঠার সুযোগটা হারিয়েছে তারা। রিয়ালের সঙ্গে পয়েন্টে সমতা থাকলে অবশ্য গোলগড়ে এগিয়ে সবার ওপরে আছে শিরোপাধারী বার্সেলোনা।

দিনের শুরুর ম্যাচে গেতাফের মাঠে রাফায়েল ভারানের কল্যাণে রিয়াল মাদ্রিদ ৩৪ মিনিটেই এগিয়ে যায়। ৫৩ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করে দলের ব্যবধান বাড়ান ফরাসি এই ডিফেন্ডার। ম্যাচের অন্তিম মুহূর্তে লুকা মদ্রিচ গোল করলে গেতাফেকে হারিয়ে ঘণ্টাচারেকের জন্যে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে কোচ জিনেদিন জিদানের দল।

দিনের পরের ম্যাচে বার্সেলোনার শুরুটা মোটেও ভালো হয়নি। ২৫ মিনিটে মার্ক রোকার ক্রসে মাথা ছুঁইয়ে ডেভিড লোপেজ গোল করলে পিছিয়েই পড়ে তারা। বিরতির পর লুই সুয়ারেজের গোলে সমতা ফেরানো বার্সা এর আট মিনিট পর আর্তুরো ভিদালের লক্ষ্যভেদে এগিয়ে যায়। সুয়ারেজের ক্রসে মাথা ছুঁইয়ে গোলটি করেন ভিদাল। এরপর আরো বারদুয়েক ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও নষ্ট করেছে তারা। ৭৪ মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ৮৭ মিনিটে তারই খেসারত দেয় বার্সা। বদলি হিসেবে নামা উ লেইয়ের গোল ২-২ ড্রয়ে বাধ্য করে লিওনেল মেসির দলকে।

এই ড্রয়ের ফলে ১৯ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে সমতায় আছে বার্সা। তবে সার্জিও রামোসদের থেকে গোলগড়ে দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে তারা।

কোচ আর্নেস্তো ভালভার্দে এই ড্র-য়ের প্রতিক্রিয়ায় জানান, শেষ দিকে ডি ইয়ংয়ের লালকার্ডেরই মাসুল দিয়েছে তার দল। তিনি বলেন, ‘ডি ইয়ংয়ের লালকার্ডই ক্ষতি করেছে আমাদের।’

তিনি আরো বলেন, সুযোগ নষ্ট করাও ভুগিয়েছে দলকে, ‘আমরা খেলাটা শেষ করে দেওয়ার জন্যে তিনটি সুযোগ পেয়েছিলাম, কিন্তু দিনশেষে আমরা একটা সুযোগের মাসুল দিয়ে ড্র করলাম। আমরা ম্যাচটা নিয়ন্ত্রণে নিতে পারিনি। তবে সমতায় ফেরার পর আমরা আরো গোল করার লক্ষ্য নিয়ে ভালোই খেলছিলাম। কারণ এরপর ওরা গোলের জন্যে ওপরে উঠে যাচ্ছিল যা আমাদের জন্যে আরোও ফাঁকা জায়গা তৈরি করে দিচ্ছিল।’

বার্সেলোনা এরপর স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। ফরোয়ার্ড সুয়ারেজ জানালেন এর আগে আরো উন্নতি করতে হবে দলকে। তিনি বলেন, ‘আমরা কঠিন কাজটাই করেছিলাম। প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়েও খেলায় ফিরে এসেছিলাম। আমি মনে করি আমরা দুটো পয়েন্ট হারিয়েছি আজ। তবে আপনি ড্র, জয় কিংবা হার যে ফল নিয়েই খেলা শেষ করুন না কেনো,  অনেক ক্ষেত্রেই উন্নতি করতে হবে আপনাকে। আমাদের সামনে এখন একটা শিরোপা জয়ের দারুণ সুযোগ আছে। সুপার কোপাকে লক্ষ্য হিসেবে ধরে আমাদের আরো উন্নতি করতে হবে।’