নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা
নলছিটির বিভিন্ন স্থানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ব্যাঙের ছাতার মতো যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। যেখানে নেই অগ্নিনির্বাপক যন্ত্রাংশ ও বিস্ফোরক অধিদপ্তরের বৈধ কাগজপত্র।
সরেজমিনে দেখা গেছে, নলছিটি পৌরসভাসহ ১০টি ইউনিয়নের বিভিন্ন হাটবাজারের মুদি-মনোহারি দোকান, ফোন ফ্যাক্স, স্টেশনারি, রড সিমেন্টের দোকান, চালের দোকান এবং ওষুধের ফার্মেসিতেও অবাধে বিক্রি করা হচ্ছে তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি গ্যাস। এই গ্যাস সিলিন্ডার বিক্রির নেই কোনো বৈধ কাগজপত্র। এসব ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আর বেশির ভাগ খুচরা দোকানে ২০ থেকে ৫০টি গ্যাসভর্তি সিলিন্ডার মজুত রয়েছে। কিন্তু আইন অনুযায়ী ১০টির বেশি গ্যাসভর্তি সিলিন্ডার রাখতে হলে বিস্ফোরক অধিদপ্তরের অনুমতি বাধ্যতামূলক। এছাড়া বেশির ভাগ সিলিন্ডারই মেয়াদোত্তীর্ণ, যা সাধারণ গ্রাহকের পক্ষে যাচাই করা সম্ভব নয়। ফলে এসব সিলিন্ডার বিস্ফোরণ মানুষের মৃত্যুর কারণ হতে পারে।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার জানান, এ ব্যাপারে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নলছিটি পৌর মেয়র মো. তছলিম উদ্দিন চৌধুরী জানান, নলছিটি পৌরসভা শুধু ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইন্সেস দিয়ে থাকে। সেখানে গ্যাস সিলিন্ডার বিক্রি করার সুযোগ নেই।
