সৈকতে ঝাউবাগান ঘিরে গড়ে উঠছে শেখ রাসেল শিশু পার্ক

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৩৮

সায়ীদ আলমগীর, কক্সবাজার

পর্যটন নগরীর সাগর পাড়ের কবিতা চত্বর পয়েন্টে ঝাউবাগান ঘিরেই সাড়ে ৬ একর জমিতে গড়ে উঠছে ‘শেখ রাসেল শিশু পার্ক’। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০২০ সালের শুরুতে বাউন্ডারি ওয়াল নির্মাণের মাধ্যমে অনেকটা দৃশ্যমান হবে পার্কটি এমনটি দাবি করেছে কক্সবাজার জেলা প্রশাসন। আর এ কাজে সহযোগিতা করছে কক্সবাজার পৌরসভা।

পার্ক বাস্তবায়ন কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও পর্যটন সেল) মোহাম্মদ আশরাফুল আফসার জানান, প্রায় সাড়ে ৬ একর জমিতে পার্কটি তৈরি হবে। প্রাথমিকভাবে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে বাউন্ডারি ওয়াল নির্মাণ বাবদ চাওয়া হয়েছে। এই অর্থ দিতে সম্মত হয়েছেন মেয়র। আশা করি নতুন বছরের শুরুতে কক্সবাজারবাসীর বহুল প্রত্যাশিত পার্কটি আলোর মুখ দেখবে। তিনি আরো বলেন, ইতিমধ্যে সাইনবোর্ড টাঙ্গিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনসহ জমি সংক্রান্ত প্রাথমিক কাজ শেষ করেছে কক্সবাজার জেলা প্রশাসন। ফলে আশা করা হচ্ছে দ্রুত বাস্তবায়ন হবে পার্কটি।

কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান জানান, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের কারণে কক্সবাজার বিশ্বময় পরিচিতি লাভ করেছে। ফলে প্রতিবছরই এখানে আসে দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও দাবি কক্সবাজারে একটি শিশু পার্ক নির্মিত হোক। বিভিন্ন সময়ে জেলা প্রশাসন থেকে শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও জায়গা চিহ্নিত না হওয়ায় এতদিন সে উদ্যোগ সফল হয়নি। এখন জমি নির্ধারণ হওয়ায় অবশেষে জেলাবাসীর প্রাণের সেই দাবি পূরণ হওয়ার পথে রয়েছে। প্রসঙ্গত, জেলা প্রশাসন ও শিশু পার্ক বাস্তবায়ন নাগরিক কমিটির উদ্যোগে কবিতা চত্বর ও বিয়াম স্কুলের মাঝামাঝি সৈকত সংলগ্ন স্থানে সাড়ে ৬ একর জায়গা জুড়ে নির্মাণ করা হবে পর্যটন নগরীর প্রথম শিশু পার্ক।