ভোলা প্রতিনিধি
ভোলার দৌলতখান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী লাইজু আক্তারের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার কলেজের সহপাঠী ও শিক্ষকরা। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা দৌলতখান বাজারে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে ৫০০ শিক্ষার্থী দৌলতখান বাজারের সদর রোডে বিক্ষোভ মিছিল করে। এ সময় বক্তব্য রাখেন দৌলতখান মহিলা কলেজের অধ্যক্ষ মো. জাবের হাসনায়ীন জাকির, লাইজুর সহপাঠী মিনারা, সোনিয়া, তাসনুর প্রমুখ। এছাড়াও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন লাইজুর বড়ো ভাই ইসমাইল শিকদারসহ পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, ২ জানুয়ারি রাতে শ্বশুর বাড়ি থেকে লাইজু আক্তারের লাশ উদ্ধার করা হয়। এ সময় শ্বশুরবাড়ির কেউই বাড়িতে ছিল না। এ ঘটনায় বড়ো ভাই ইসমাইল সিকদার বাদী হয়ে লাইজুর স্বামী তানজিলসহ সাত জনকে আসামি করে ভোলা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
