সিলেট অফিস
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি এলাকা থেকে পাঁচ বছরের দণ্ডাদেশপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সবুজ মিয়া নামের ঐ আসামি কোতয়ালি থানাধীন উত্তর গসাইপুরের চাঁন মিয়ার ছেলে। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, সবুজ মিয়া জিআর মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। সে পলাতক ছিল। তাকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিপুল পরিমাণ সিগারেট জব্দ
সিলেট নগরীর কুমারপাড়া পয়েন্টে এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল ব্যবহূত ‘রমনা’ ব্র্যান্ড নামের ২ লাখ ২০ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট সিলেট। শনিবার সন্ধ্যায় এসব অবৈধ সিগারেট জব্দ করা হয়। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট উপ-কমিশনার মো. ছৈয়দুল আলমের নেতৃত্বে অভিযানে ছিলেন, রাজস্ব কর্মকর্তা নুরুল ইসলামসহ এআরও কর্মকর্তারা।
এ ব্যাপারে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট উপ-কমিশনার মো. ছৈয়দুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুমারপাড়া এলাকার এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল ‘রমনা’ সিগারেট জব্দ করা হয়। চালানটি চট্টগ্রামের জামিল অ্যান্ড সন্স মাধ্যমে প্রেরণ করা হয় সিলেটের মুহাম্মদ নজরুল হকের কাছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
