১২ পদের পাঁচটিই শূন্য ব্যাহত হচ্ছে কার্যক্রম!

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৪০

চাটখিল উপজেলা শিক্ষা অফিস

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর চাটখিল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকটের কারণে দৈনন্দিন দাপ্তরিক কাজকর্মসহ বিদ্যালয় মনিটরিংয়ের কাজ ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। অপরদিকে, উপজেলায় কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের বেতন-ভাতা, বকেয়া বিলসহ অন্যান্য বিল যথাসময়ে দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এখানে মোট ১২টি পদের মধ্যে দীর্ঘদিন ধরে তিন জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, দুই জন অফিস সহকারীর পদ শূন্য রয়েছে। তাছাড়া গত ১৮ ডিসেম্বর উপজেলা শিক্ষা অফিসার অন্যত্র বদলি হয়ে যান। তার স্থলে এখনো নতুন করে কোনো শিক্ষা অফিসার নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভারপ্রাপ্ত শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করছেন। তাকে আর্থিক ক্ষমতা প্রদান না করায় তিনি কোনো বিলে স্বাক্ষর করতে পারছেন না। এতে করে শিক্ষকদের বেতন-ভাতাসহ অন্যান্য বকেয়া বিল পেতে সংকট সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, জনবল সংকটের মধ্যেও বর্তমানে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা চেষ্টা করে যাচ্ছেন। তবে শূন্য পদগুলো পূরণ হওয়া একান্ত প্রয়োজন।

প্রাথমিক শিক্ষক সমিতির চাটখিল উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুজন জানান, শিক্ষকদের স্বার্থে এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শূন্য পদগুলো শিগিগরই পূরণ করা জরুরি।