পাহাড়ে অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি বন্ধে যৌথ বাহিনীর অভিযান দাবি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৪০

বান্দরবান প্রতিনিধি

দেশের গণতন্ত্র রক্ষায় পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার এবং চাঁদাবাজি বন্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ। রবিবার দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা।

এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রাজু মং, পৌর কাউন্সিলর অজিত দাস, রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যঅং প্রু মারমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লা অং মারমা, সদর ইউপি চেয়ারম্যান সাবুখয় মারমা প্রমুখ।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ক্যশৈহ্লা বলেন, সন্ত্রাসী গোষ্ঠির কাছে জিম্মি পাহাড়ের মানুষ। চাঁদাবাজির কারণে উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাচ্ছে পাহাড়ে। সরকারি উন্নয়ন কাজের ঠিকাদার, ব্যবসায়ী, কৃষক, শিক্ষাপ্রতিষ্ঠান, বয়স্ক-বিধবা ভাতাপ্রাপ্ত নারী-পুরুষদের কাছ থেকেও চাঁদা আদায় করা হচ্ছে। অশান্তিতে রয়েছে পাহাড়ের মানুষ। তিনি আরো বলেন, একটি অঞ্চলকে অন্ধকারে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। উন্নয়নের স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী গোষ্ঠিকে নির্মূলে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার দাবি জানাচ্ছি।