ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
চলতি বোরো মৌসুমের বীজতলা নিয়ে শঙ্কিত রয়েছে ডুমুরিয়া উপজেলার কৃষকরা। তীব্র শীতে কোল্ড ইনজুরি ও সম্প্রতি বৃষ্টির পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকার বীজতলা।
খলশি এলাকার মাজিদা বেগম জানান, ধানের দাম কম থাকার পরও এ বছরের বোরো আবাদ শুরু করেছি। কিন্তু তীব্র শীত ও বৃষ্টির পানিতে আমাদের আশপাশ এলাকায় বীজতলা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিকে বৃষ্টির পানি নিষ্কাশন অন্যদিকে ঘন কুয়াশার হাত থেকে রেহাই পেতে হিমশিম খাচ্ছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছাদ্দেক হোসেন বলেন, বীজতলা নিয়ে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে পড়েই আছেন। ঘন কুয়াশার হাত থেকে বীজতলা রক্ষা করতে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখা, ভোরে পানি ছিটানোসহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের।
