মশার যন্ত্রণা থেকে রেহাই দিন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৪৯

ঢাকায় মশা বেড়েছে। ডেঙ্গু থেকে দেশবাসী আজো মুক্ত হতে পারেনি। মশার যন্ত্রণায় অতিষ্ঠ বিশেষ করে পুরনো ঢাকাবাসী। বাড়ির ভেতরে ও বাইরে জমা পানিতেই মশার বংশ বিস্তার হয়ে থাকে। এছাড়া আবর্জনা এদিক-ওদিক ফেলে রাখার কারণেও মশার সৃষ্টি হচ্ছে। কোথাও পানি জমতে না দেওয়ার জন্য বারবার সচেতন করা হলেও নগরবাসীর মধ্যে অবহেলা লক্ষণীয়। ঢাকার উভয় সিটি করপোরেশন মাঝে মাঝে মশকবিরোধী অভিযান চালায়, কিন্তু এতে করে তেমন লাভ হয় না। শীতের মৌসুমে মশার যন্ত্রণা বেড়ে যায়। মশার ওষুধ ছিটানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বড়োই অভাব। মশা নিধনে বিদ্যালয়ের শিক্ষক ও মসজিদ-মাদ্রাসার ইমামদের ভূমিকা রাখতে হবে। সকলে মিলে চেষ্টা করলেই ঢাকাকে মশামুক্ত করা সম্ভব। ঢাকায় এখনো ডেঙ্গুর ভয় কাটেনি। নিয়মিত মশার ওষুধ ছিটানো এবং সিটি কাউন্সিলারদের মশা দমনে কার্যকর  ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।

মাহবুবউদ্দিন চৌধুরী

১৭ ফরিদাবাদ-গেণ্ডারিয়া, ঢাকা ১২০৪