চট্টগ্রামে নাশকতার মামলায় বিএনপির ৮ নেতাকর্মী কারাগারে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৫৩

চট্টগ্রাম অফিস

নাশকতার অভিযোগে দায়ের হওয়া পাঁচটি মামলায় বিএনপির  আট নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার  চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এই আদেশ দিয়েছেন। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছিল। কারাগারে প্রেরিত নেতাকর্মীরা হলেন—ইকবাল শরীফ, জাহেদ হোসাইন, জসিম উদ্দিন, মাসুদ পারভেজ, মনিরম্নল ইসলাম, মো. মাসুদ ও আব্দুল হক।

পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, একাদশ সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে নাশকতার অভিযোগে নগরীর বন্দর থানায় পাঁচটি মামলা দায়ের হয়েছিল। এতদিন তারা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে তারা গতকাল রবিবার দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।