খুলনা অঞ্চলে কৃষি ব্যাংকের লোকসানি শাখা কমেছে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৫৬

মুনাফা হয়েছে ৫ কোটি ৪৫ লাখ ৭৫ হাজার টাকা

g খুলনা অফিস

খুলনা অঞ্চলে বাংলাদেশ কৃষি ব্যাংকের লোকসানি শাখার সংখ্যা কমেছে। গত অর্থবছরে খুলনা জেলায় পাঁচটি লোকসানি শাখা থাকলেও চলতি অর্থবছরে তার দুটি লাভের মুখ দেখেছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কৃষি ব্যাংক ২০টি শাখার মাধ্যমে ৫ কোটি ৪৫ লাখ ৭৫ হাজার টাকা মুনাফা করেছে। লোকসান কাটিয়ে উঠতে ১০টি লক্ষ্যের মধ্যে ৮টি কার্যকর হয়েছে।

গত অর্থবছরে খুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট বাজার, দাকোপ উপজেলার নলিয়ান, ডুমুরিয়া উপজেলার শাহপুর, ফুলতলা উপজেলা সদর ও মহানগরীর লবণচরা শাখায় লোকসান হয়। এসব শাখায় গত অর্থবছরের প্রথম ছয় মাসে ৩৩ লাখ ৫৭ হাজার টাকা লোকসান হয়েছিল। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ডুমুরিয়ার শাহপুর ও বটিয়াঘাটার বিরাট বাজার শাখা লাভের মুখ দেখেছে। এ দুইটি শাখায় লাভের পরিমাণ ১২ লাখ ৮ হাজার টাকা।

ব্যাংকের খুলনার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. মিজানুর রহমান জানান, নিয়মিত তদারকি, সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনাগত মান উন্নয়নের কারণে ব্যাংকের দুটি শাখা লোকসান কাটিয়ে লাভের দিকে গেছে। এছাড়া গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কষি ব্যাংক ৯৩ কোটি টাকা ঋণ দিয়েছে। চিংড়ির খামার, হিমায়িত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান, কৃষি, সাদা মাছ, শিল্প ও ক্ষুদ্র-কুটির শিল্পখাতে ঋণ দেওয়া হয়েছে। খুলনার আঞ্চলিক জেনারেল ম্যানেজার মিলন নন্দী জানান, গত ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এক মাসে এ অঞ্চলের ৫ জেলায় ২ হাজার নতুন গ্রাহক সঞ্চয়ী হিসাব খুলেছে। এছাড়া ২২ কোটি ৮৮ লাখ টাকা খেলাপি ঋণ আদায়  হয়েছে। তিনি বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে এ অঞ্চলের ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে।