মৃত মাকে ছুঁয়ে বাচ্চা হাতির কান্না

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৫৮

মা মারা গেছে। আর বাচ্চা হাতিটি তার ছোট্ট শুঁড় দিয়ে বার বার মাকে তোলার ব্যর্থ চেষ্টা করছিল। কোনো সাড়া শব্দ না পেয়ে মায়ের পাশে বাচ্চা হাতিটিও শুয়ে পড়ছিল বার বার। উঠে আবার স্পর্শ করছিল মাকে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল পানি। কক্সবাজারের ঈদগাঁওর গহীন অরণ্যে অবুঝ হাতির বাচ্চার এই অসহায় করুণ আর্তি উপস্থিত সবার চোখ অশ্রুতে ঝাপসা করে দিচ্ছিল।

ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিটের জঙ্গল খুটাখালী মৌজার কাইস্যার ঘোনানামক এলাকায় শনিবার বিকালে এ মৃত হাতির সন্ধান পায় বন বিভাগ। খবর পেয়ে উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, নিয়মিত টহল দল ও প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিত্সকরা ঘটনাস্থলে যান।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া জানান, রাজঘাট বিট কর্মকর্তার দেওয়া খবরে আমরা ঘটনাস্থলে যাই। বার্ধক্যজনিত কারণে মা হাতিটির মৃত্যু           হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানোর পর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. তৌহিদুল ইসলাম, সদরের বিশেষ টহলের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক, ডুলাহাজারা সাফারি পার্কের চিকিত্সক ডা. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে আসেন।

স্থানীয়রা জানান, মা হাতিটি সকালেও এদিকসেদিক ছোটাছুটি করছিল। এক সময় হাতিটি মাটিতে শুয়ে পড়ে। প্লটে কাজ করা এক শ্রমিক হাতিটি নড়াচড়া করছে না দেখে স্থানীয় রাজঘাট বিট কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটি মৃত বলে নিশ্চিত করেন।

এলাকাবাসী আরো জানান, মা হাতির দেহে বেশ কয়েকটি গুলির চিহ্নের মতো দাগ রয়েছে। তাদের ধারণা কে বা কারা কয়েকদিন আগে মা হাতিটিকে হয়তো গুলি করেছিল। এরপর চিকিত্সার অভাবে তার মৃত্যু হতে পারে।

বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, মৃত হাতিটি ময়নাতদন্ত শেষে রাতেই মাটিতে পুঁতে ফেলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানতে পারব।