ফতুল্লায় টিপু হাওলাদার নামে এক যুবককে ছুরিকাঘাত করে ব্যাটারি চালিত ইজিবাইক ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় লোকজন আহত অবস্থায় চালক টিপুকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। গত শনিবার গভীর রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
টিপু বরিশালের সাহেবের হাট থানার দিদারপুর গ্রামের মুনসুর আলীর ছেলে। তিনি ফতুল্লার ভোলাইল এলাকায় মামুনের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান-২ বলেন, টিপু হাওলাদারের পিঠে ও কোমরে দুটি ছুরিকাঘাত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খানপুর হাসপাতাল থেকে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।
