ঢাবি ক্যাম্পাসে ফের ককটেল বিস্ফোরণ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০০:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সকালে অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের সমাবেশের সামনে একটি এবং মধুর ক্যান্টিন এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে বিস্ফোরণের ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই সপ্তাহে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। এ ছাড়া উদ্ধার হয়েছে একটি অবিস্ফোরিত ককটেল। তবে এসব বিস্ফোরণের ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানাতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের বিভিন্ন স্থানে ‘পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের’ হামলার প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে অপরাজেয় বাংলায় এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশের একপর্যায়ে অপরাজেয় বাংলার পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আতঙ্কিত পথচারী ও ছাত্রদল নেতাকর্মীরা ছোটাছুটি শুরু করেন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন,  ‘আগের ঘটনাগুলোসহ এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। শিক্ষার পরিবেশ ব্যাহত হয়, এমন কর্মকাণ্ড থেকে সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানান। এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটি ও বিশ্ববিদ্যালয় শাখা কমিটি নিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরাই ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত। তবে অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম বলেন, ‘যে শক্তিগুলো চায় যে ছাত্রদল কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারুক, তারাই ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে।’

মধুর ক্যান্টিনের পাশে গত ৩০ ডিসেম্বর দুটি ককটেল বিস্ফোরণ হয়। এর আগে ২৯ ডিসেম্বর মধুর ক্যানটিনের সামনে সকালে তিনটি আর সন্ধ্যার দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। ২৬ ডিসেম্ব্বর ক্যান্টিনের সামনে থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।