বিডিবিএলের চার কর্মকর্তাকে দুদকে তলব

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০০:২৫

গ্রাহকদের ঋণের কিস্তির টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ এই চার জনকে তলব করে নোটিশ পাঠিয়েছেন। নোটিশে তাদের আগামী ৮ জানুয়ারি দুদকে হাজির হতে বলা হয়েছে।

যাদের তলব করা হয়েছে তারা হলেন, বিডিবিএলের ডিএমডি মো. দিলওয়ার হোসেন, ফরেন এক্সচেঞ্জ কনসালট্যান্ট মাহমুদুল হাসান, কমার্শিয়াল ব্যাংকিং কনসালট্যান্ট মাহে আলম এবং সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম।

অভিযোগের ব্যাপারে দুদক সূত্র জানায়, গ্রাহকদের ঋণের কিস্তির ৮৯ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাত্ করেন বিডিবিএলের কয়েকজন কর্মকর্তা। এই টাকা আত্মসাতের সঙ্গে ব্যাংকটির চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আহম্মদসহ আরো কয়েকজন কর্মকর্তা জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।