কুর্মিটোলায় বাস থেকে নামার পর ঢাবি ছাত্রী ধর্ষণের শিকার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০১:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী রাজধানীর কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যায় ঐ শিক্ষার্থী ঢাবির গাড়িতে করে কুর্মিটোলা এলাকায় নামার পরপরই অপহরণের শিকার হন। এরপর তাকে ধর্ষণ করে অচেতন অবস্থায় ঐ এলাকার একটি নির্জন স্থানে ফেলে রাখা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যালে  চিকিত্সাধীন রয়েছেন।

জানা গেছে, ঐ শিক্ষার্থী গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঢাবির বাসে ওঠেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি কুর্মিটোলা এলাকায় নামেন। এরপর অজ্ঞাত কয়েকজন তাকে সেখান থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে অপহরণকারীদের এক বা একাধিক জন তাকে ধর্ষণ করে একটি নির্জন স্থানে ফেলে রেখে যায়। রাত সাড়ে ১০টার দিকে ঐ শিক্ষার্থীর জ্ঞান ফিরলে তিনি সিএনজিচালিত অটোরিকশাযোগে ক্যাম্পাসে ফিরে আসেন। এরপর তার সহপাঠীরা তাকে রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে       সেখানে তিনি চিকিত্সাধীন রয়েছেন।

তার সহপাঠীরা জানান, মেয়েটি ঢাবিতে ফিরে আসার পর বেশ কয়েকবার মূর্ছা যান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম মেয়েটিকে দেখতে হাসপাতালে যান। সহপাঠীরা বলেন, মেয়েটিকে ধর্ষণের পাশাপাশি শারীরিক নির্যাতন করা হয়েছে। তার শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে বলে সহাপাঠীরা জানান।