শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইয়াসমিন। তার মৃতদেহ গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত ছিল ঘরের আড়ার সঙ্গে। মরদেহ ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ভালুকাকুড়া গ্রামের আনোয়ার হোসেনের কন্যা ইয়াসমিনের সঙ্গে কৃষ্ণপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ইসমাইল হোসেনের বিয়ে হয় প্রায় দশ বছর আগে। বিয়ের পর থেকে উভয়ের মাঝে পারিবারিক কলহ চলে আসছিল। এ যাবত পাঁচবার গ্রাম্য শালিশ হয় এসব কলহ নিয়ে। ইতিমধ্যে এ দম্পতির ঘরে একটি কন্যা সন্তান এসেছে। যার বর্তমান বয়স প্রায় ৩ বছর।
রবিবার অটোচালক স্বামীর সঙ্গে ইয়াসমিনের ঝগড়া হয়। এরপর সবাই যার যার কাজে চলে যায়। বেলা আনুমানিক বারোটার দিকে নিজ ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইয়সমিনের ঝুলন্ত মরদেহ দেখতে পায় বাড়ির লোকজন। তাৎক্ষণিক তারা কন্যা শিশুকে সঙ্গে নিয়ে আত্মগোপন করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠায়।
আরও পড়ুন: ফেলানী হত্যার নয় বছর! এখনও বিচারের আশায় বাবা-মা
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, 'ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা বলা যাবে। তবে কেউ বাদী হলে মামলা নেওয়া হবে।'
ইত্তেফাক/নূহু
