বাংলাদেশে শুভেচ্ছা সফরে ভারতীয় দুই জাহাজ 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৭:৫০

চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় কোস্ট গার্ডের দুটি জাহাজ ‘আইসিজিএস সুজয়’ ও ‘আইসিজিএস সরোজিনী নাইডু’। সোমবার সকাল ১১ টার সময় মংলা বন্দরের ফেয়ারওয়ে বয় এলাকায় ‘বিজিজিএস সোনার বাংলা’ ভারতীয় জাহাজ দুটিকে স্বাগত জানায়। বাংলাদেশ কোস্টগার্ড প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

পরে জাহাজ দুটিকে ওই বন্দরের জেটিতে রাখা হয়। এসময় কোস্ট গার্ডের বাদক দল ব্যান্ড বাজিয়ে জাহাজ দুটিকে স্বাগত জনায়। 

জাহাজ দুটিতে উপ-মহাপরিদর্শক অনুরাগ কৌশিক এবং সিওএমডিটি (জেজি) সুমিত ধীমান অধিনায়কের দায়িত্ব পালন করছেন। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় ও উভয় দেশের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যকার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী প্রতি বছর ভারত-বাংলাদেশ পর্যায়ক্রমে এ শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছে। 

শুভেচ্ছা সফরের অংশ হিসেবে ওই জাহাজের অধিনায়কগণ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, জোনাল কমান্ডার পশ্চিম জোন, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও খুলনা নেভাল এরিয়ার কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। 

আরও পড়ুন: আচরণবিধি লঙ্ঘন করায় আতিকুলকে শোকজ নোটিশ

এছাড়াও ওই জাহাজ দুটিতে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের পেশাগত বিষয়ে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হবে। জাহাজ দুটির কর্মকর্তা ও নাবিকরা সুন্দরবন ভ্রমণসহ খুলনা শিপইয়ার্ড এবং খুলনা ও বাগেরহাটস্থ ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করবেন। পাশাপাশি দু’দেশের কোস্টগার্ডের মধ্যে একটি প্রীতি ভলিবল প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। 

সফরকালীন সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যরা জাহাজ দুটি পরিদর্শন করবেন। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ড তথা দু’দেশের সার্বিক পাস্পারিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে।

ইত্তেফাফ/এমআই/এএএম