বাবার শাহাদতেই সব শেষ হয়ে যায়নি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২০:৪২

ট্রাম্পকে সোলেইমানির মেয়ে

 

 

ইরানের বিশেষ বাহিনী রেভলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানির মেয়ে বাবার হত্যাকাণ্ড নিয়ে রবিবার তীব্র মার্কিনবিরোধী প্রতিক্রিয়া জানিয়েছেন। মার্কিন বিমান হামলায় নিহত ইরানি জেনারেলের মেয়ে জেইনাব সোলেইমানি বলেছেন, ‘ট্রাম্প, তুমি ভেবো না বাবার শাহাদতেই সব শেষ হয়ে গেছে।’ রবিবার তিনি এই মন্তব্য করেছেন। ইরানি সরকারি সংবাদমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে।

তেহরানে বাবার জানাজায় অংশ নিয়ে জেইনাব বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল জেনে রাখো, বাবার শাহাদতের ফলে গোটা বিশ্বের প্রতিরোধ ফ্রন্টের মধ্যে মানবিকতা আরো বেশি জাগ্রত হবে। এখন থেকে পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের স্ত্রী-সন্তানদের তাদের স্বামী অথবা বাবার মৃত্যুর আশঙ্কায় প্রহর গুণতে হবে। 

সোলেইমানির মেয়ে আরো বলেন, গোটা বিশ্ব দেখছে ইরাক ও ইরানের মানুষ কীভাবে তাদের বীরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। ইরানি ও ইরাকি জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু এই শাহাদতের ঘটনা দুই জাতির মধ্যে বন্ধনকে আরো শক্তিশালী করেছে, তারা চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ হয়েছে। জেইনাব আরো বলেন, ‘বাবার মৃত্যু আমেরিকা ও ইসরাইলের জন্য অন্ধকার দিন নিয়ে এসেছে।’ এর আগে এক টিভি সাক্ষাত্কারে জেইনাব বলেছেন, ‘লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহও সোলেইমানি হত্যার প্রতিশোধ নেবেন বলে তিনি নিশ্চিত।

৩ জানুয়ারি ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন রকেট হামলায় নিহত হন কাসেম সোলেইমানি। তার মরদেহ শনিবার বিকালে ইরাক থেকে তেহরানে পৌঁছায়। মঙ্গলবার নিজ প্রদেশ কেরমানে তাকে দাফন করা হবে।