‘মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের কফিনে করে দেশে পাঠানো হবে’

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২০:৪২

 রয়টার্স ও আল জাজিরা

ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানি ও ইরাকের মিলিশিয়া বাহিনী হাশদ আল-শাবির কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, মার্কিন সেনা ও কর্মকর্তারা দেশে ফিরবে কফিনবন্দি হয়ে।

রবিবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ আয়োজিত এক সমাবেশে নাসরাল্লাহ  বলেন, ‘যখন আমেরিকান সেনা ও কর্মকর্তাদের কফিন যুক্তরাষ্ট্রে যেতে শুরু করবে, তখন  ট্রাম্প ও তার প্রশাসন বুঝতে শুরু করবে যে তারা সত্যিই এ অঞ্চলে হেরে গেছে এবং তারা নির্বাচনেও হারবে।’

গত শুক্রবার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ডের কুদস্ বাহিনীর প্রধান ও সবচেয়ে ক্ষমতাধর জেনারেল কাসেম সোলেইমানি এবং ইরাকে ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠী হাশদ আল-শাবির কমান্ডার আল-মুহান্দিস। সোলেইমানি ও মুহান্দিস ‘শাহাদত’ বরণের মধ্যদিয়ে নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গেছেন উল্লেখ করে হাসান নাসরাল্লাহ বলেন, জেনারেল সোলেইমানি হত্যাকাণ্ডের জবাব দেওয়া কেবল ইরানের দায়িত্ব নয়, এটা গোটা প্রতিরোধ শক্তির দায়িত্ব।

হিজবুল্লাহ প্রধান বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, নৌজাহাজ, সামরিক কর্মকর্তাদের তালিকা ধরে দেশটির সশস্ত্রবাহিনীর ওপর হামলা করাই তাদের ‘উপযুক্ত শাস্তি’ হবে। এই হত্যাকাণ্ড গোটা মধ্যপ্রাচ্যকে একটি নতুন পরিস্থিতিতে ফেলেছে উল্লেখ করে নাসরাল্লাহ বলেন, জেনারেল সোলেইমানি ও মুহান্দিসকে টার্গেট করে হত্যার মধ্যদিয়ে কেবল ইরাক-ইরানকে নয়, গোটা অঞ্চলকে নতুন অস্থিতিশীলতায় ফেলে দেওয়া হয়েছে।